রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহভাজন ৪ ব্যক্তির ছবি প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত ১ জুলাই রাতে হলি আর্টিজানের আশপাশের এলাকার ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে এ ছবি প্রকাশ করা হয়। ভিডিও ক্যামেরায় ধারণ হওয়া স্থানটি হলি আর্টিজান বেকারি থেকে মাত্র প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত।
মঙ্গলবার র্যাব প্রকাশিত ফুটেজে দেখা গেছে, গুলশানের ৭৫ ও ৭৯ নম্বর রোডের সংযোগ সড়কের কাছে রাস্তা এবং ফুটপাথ ধরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছেন কয়েকজন ব্যক্তি। এদের মধ্যে ঘাড়ে ব্যাগ বহনকারী একজন নারীও রয়েছেন।
তাদের প্রত্যেককেই ফুটপাথের দেয়ালের একেবারে গা ঘেঁষে চলাচল করতে দেখা গেছে। সন্দেহজনকভাবে একটি প্রাইভেট কারও ওই সড়কে চিহ্নিত করা হয়েছে।
এ সন্দেহজনক ব্যক্তিদের পরিচয় জানা থাকলে +৮৮০১৭৭৭৭২০০৫০ এ নম্বরে অথবা যেকোনোভাবে র্যাবকে অবহিত করতে নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ, ১ জুলাই শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে প্যারাকমান্ডোর সমন্বিত অভিযানের মাধ্যমে।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। সংগঠনটির মুখপাত্র আমাক হামলাকারীদের ছবি প্রকাশ করে বলে জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স।