জঙ্গী সংশ্লিষ্টতায় সিলেট থেকে ২ জন বিশ্ববিদ্যালয়-ছাত্রকে আটক করা হয়েছে। আর জঙ্গীবিরোধী অভিযানে কুড়িগ্রাম ও দিনাজপুরে জামাত-শিবিরের দুই নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। কুষ্টিয়ায় এক ছাত্রাবাসে অভিযান চালিয়ে জিহাদি বইসহ ৯ জনকে আটক করা হয়।
র্যা ব ও পুলিশ অভিযান চালিয়েছে বগুড়ার পর গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুল আজিজকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট।
সোমবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র আব্দুল আজিজকে আটক করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ডক্টর রাশেদ তালুকদার।
আব্দুল আজিজের গ্রামের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জে। তার ভাই এ বিষয়ে জানান, কেন তাকে আটক করা হয়েছে এ বিষয়ে তারা কিছু জানেন না।
এদিকে, সিলেটের বেসরকারি লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র মাহমুদুল করিম চৌধুরীকে আইনশৃঙ্খলাবাহিনী ধরে নিয়ে গেছে বলে দাবি করেছে তার পরিবারের।
সকাল ১০ টায় কুষ্টিয়ায় মেডিক্যাল এসিস্টেন্ট ট্রেনিং স্কুলের একটি ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। দুপুর দেড়টা পর্যন্ত চলা এ অভিযানে ছাত্রাবাস থেকে উদ্ধার করা হয় জিহাদী বই। আটক করা হয় নয় ছাত্রকে। তবে অভিযানের বিষয়ে সাংবাদিকদের কিছু জানায়নি পুলিশ।
কুড়িগ্রামে জেলা জামাতের আমীর আজিজুর রহমান স্বপন, দিনাজপুরে শিবিরের সাবেক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এছাড়া নাটোরের সিংড়া থেকে শনিবার গ্রেপ্তার আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য মিজানুর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
জঙ্গী আস্তানার খোঁজে সোমবার বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটের দুর্গম চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানের পর এবার গাইবান্ধার সাঘাটা উপজেলার দিঘলকান্দি, সিপিগারামারা ও বিজলকান্দি চরে অভিযান চালিয়েছে র্যা ব ও পুলিশ।
সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ১১ পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর এ অভিযানে একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি রামদা উদ্ধার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, অভিযানে জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করার পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের তথ্য সন্ধান করা হয়েছে।