গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের অভিযানে দক্ষিণাঞ্চলের আমিরসহ আটক ৪।
আটককৃতরা হলো: জেএমবির আমির মাহমুদুল হাসান তানভীর এবং অন্যরা হলো: আশিকুল আকবর, নাজমুস সাকিব ও শরীয়তউল্লাহ।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজীপুরে টঙ্গীতে জেএমবি সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়—এমন সংবাদের ভিত্তিতে ভোরে শহরের মুক্তারবাড়ি আউচপাড়া রোড এলাকার একটি বাড়ির চারতলায় এ অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে জেএমবির দক্ষিনাঞ্চলের আমির মাহমুদুল হাসানসহ ৪ জনকে আটক করা হয়।
মুফতি মাহমুদ আরো বলেন, মাহমুদুল হাসান প্রশিক্ষক হিসেবে কাজ করতেন।। আটক অন্যরা হচ্ছে রংপুর প্রাইম মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আশিকুল আকবর আবেশ, এমএম কলেজের রসায়ন বিভাগের ছাত্র শরীয়ত উল্লাহ শুভ ও মাদ্রাসা ছাত্র নাজমুস সাকিব।
সেখান থেকে ৮টি বোমা, পিস্তল, একটি ম্যাগাজিন, শতাধিক গুলি, দুটি কুড়াল, ৮টি চাপাতি-ছুরি, কিছু জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।