রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ হামলার মূলহোতা তামিম আহমেদ চৌধুরীসহ অন্তত পাঁচ জেএমবি জঙ্গি ভারতে পালিয়ে গেছে বলে সন্দেহ পুলিশের। এরই মধ্যে তাদের নামের তালিকা ভারত সরকারকে দেয়া হয়েছে।
সেই সঙ্গে গ্রেপ্তার জেএমবি সদস্য নুরুল হক মণ্ডল ওরফে নাইমকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
ভারতের নয়াদিল্লিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে এ ৫ জঙ্গির বিষয়ে আলোচনা হয়েছে।
ওই বৈঠকেই নাইমকে দেশে ফেরত পাঠানোর এ অনুরোধ জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া নিজস্ব সূত্রের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে।
এদিকে, দুই বাংলাদেশি জঙ্গিকে জাপান হয়ে তুরস্ক ও পরে সেখান থেকে সিরিয়া যেতে সহায়তা করেছিল জঙ্গি সাইফুল্লাহ ওজাকি, জাপানি পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে জাপানের গণমাধ্যম।
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ও কল্যাণপুরে আস্তানায় পুলিশের অভিযানে নিহত জঙ্গিদের অর্থ ও পরামর্শদাতা তামিম আহমেদ চৌধুরীর অবস্থান এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীসহ জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির অন্তত পাঁচ সদস্য ভারতে প্রবেশ করেছে।
পাঁচ সন্দেহভাজনের মধ্যে তামিম চৌধুরীকে গুলশান হামলার হোতা বলে সন্দেহ করা হচ্ছে।
প্রতিবেশি দেশগুলোর স্থানীয় জনগোষ্ঠী এবং আইএসের সঙ্গে তার সংযোগ রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। তামিম চৌধুরি আবু ইব্রাহিম আল হানিফ চৌধুরী নামেও পরিচিত।
সন্দেহের তালিকায় থাকা আরেকজন ঢাকার বাসিন্দা জুনুন শিকদার জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীর সঙ্গে সন্ত্রাস দমন আইনের মামলার আসামি। নাজিবুল্লাহ আনসারি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মালয়শিয়া থেকে নিখোঁজ হন।
এটিএম তাজউদ্দিন নামের আরেক সন্দেহভাজন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত অবস্থায় অস্ট্রেলিয়া থেকে নিখোঁজ হন। আর গত এক বছর ধরে নিখোঁজ রয়েছে জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল্লাহ ওজাকি তথা সুজিত দেবনাথ। নিখোঁজের আগে দুই বাংলাদেশি জঙ্গিকে জাপান হয়ে তুরস্কে যেতে সহায়তা করেছিল জঙ্গি সাইফুল্লাহ ওজাকি। জাপানি পুলিশের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে জাপানি সংবাদ মাধ্যম জাপান টাইমস।
এ পাঁচ জঙ্গির নামের তালিকা ভারত সরকারকে দেয়া হয়েছে। সম্প্রতি র্যা বের ৬৮ জনের প্রকাশিত নিখোঁজ তালিকায়ও তাদের নাম রয়েছে।
এছারা ওই বৈঠকে ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার জেএমবির সদস্য নুরুল হক মণ্ডল ওরফে নাইমকে ফেরত দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।