রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত নয় জঙ্গি পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কথা আলোচনায় আসার পর চট্টগ্রামে প্রায় পাঁচ মাস ধরে নিখোঁজ সাব্বিরুল হক কনিকের সন্ধান চেয়ে থানায় জিডি করেছে তার পরিবার।
সাব্বির নিহত নয় জঙ্গির একজন বলে ছবি দেখে ধারনা করা হলেও মর্গে মৃতদেহ দেখে তার পরিবার নিশ্চিত হয়েছে সাব্বির তাদের মধ্যে নেই।
এরপরই সাব্বিরের খোঁজে বাকলিয়া থানায় জিডি করেছেন তার বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিজুল হক।
সাব্বির নিখোঁজ হওয়ার পাঁচ মাস পর শুক্রবার রাতে তার বাবা আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের বাসিন্দা আজিজুল হক বাকলিয়া থানায় জিডি করেন বলে ওসি আবুল মনসুর জানিয়েছেন।
গত ২১ ফেব্রুয়ারি রাউজানে একটি বিয়েতে যাওয়ার কথা বলে নিরুদ্দেশ হয় সাব্বির। সে চট্টগ্রামে জামাত সংশ্লিষ্টদের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল।
তার বাবা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির কয়েকদিন পর থেকেই সাব্বিরের আচরণে পরিবর্তন ঘটে।
এর আগেও সাব্বির তাবলিগে যাওয়ার কথা বলে তিন মাসের জন্য নিরুদ্দেশ হয়েছিল বলে জানায় তার পরিবার।
চট্টগ্রামের আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সীতাকুণ্ড ক্যাম্পাসে ইকনোমিক অ্যান্ড ব্যাংকিং বিষয়ে পড়ালেখা করতেন।