সাম্প্রতিক জঙ্গি হামলার মূল হোতা জেএমবি নেতা তামিম চৌধুরী ও চাকুরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তাদের ধরিয়ে দিলে ২০ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে।
মঙ্গলবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
শহীদুল হক বলেন, তামিম চৌধুরী নতুন করে সংগঠিত জেএমবির নেতা আর সাবেক মেজর জিয়া আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়কারী। তারা দেশে না বিদেশে পলাতক, তা এখনো নিশ্চিত নয়।
এছাড়া গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ থেকে উদ্ধার হওয়া হাসনাত করিম পুলিশের নজরদারিতে রয়েছে বলেও জানান আইজিপি।
সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে আসে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ৩টি ঘটনা।
গুলশান, শোলাকিয়ায় হামলাকারীরা নতুন করে সংগঠিত জেএমবির সদস্য বলে জানিয়ে আইজিপি বলেন, তামিম চৌধুরী এ হামলাকারিদের সংগঠিত করেছেন। নব গঠিত জেএমবির প্রধান তামিম দেশে রয়েছেন, নাকি পালিয়ে গেছেন তা এখনো নিশ্চিত নয়।
জেএমবি ছাড়াও আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়ের দায়িত্বে থাকা একজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে— জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হককেও খুঁজছে পুলিশ। তার দেশত্যাগের বিষয়েও তারা নিশ্চিত নন।
পরে সংবাদ সম্মেলনের পুলিশের মহাপরিদর্শক দুই জঙ্গি নেতাকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করে বলেন, যারা জঙ্গিদের ধরতে সহায়তা করবেন, তাদের নাম-ঠিকানা গোপন রাখা হবে।
মেজর জিয়া ও তামিমের সঙ্গিদের গ্রেপ্তরের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। জঙ্গিগোষ্ঠীকে গ্রেপ্তারে সমাজের সবার সাহায্য কামনা করেন আইজিপি।