রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হোলি আর্টিজানে জিম্মি হামলার এক মাস পর আজ (বৃহস্পতিবার) নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম ও কানাডা প্রবাসী যুবক তাহমিদ হাসিব খানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে গুলশান হামলার ঘটনায় তাহমিদ হাসিব খান ও হাসনাত করিমকে ৫৪ গ্রেপ্তার দেখিয়ে সিএমএম আদালতে আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সনেশনাল ক্রাইম ইউনিট এর পরিদর্শক মোহাম্মদ হুমায়ন কবির।
পরে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
দুপুরে ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, গুলশান লিঙ্করোডের আড়ংয়ের সামনে থেকে বুধবার সন্ধ্যায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম এবং রাতে বসুন্ধরার জি-ব্লক থেকে কানাডা প্রবাসী যুবক তাহমিদ হাসিব খানকে আটক করা হয়।
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হোলি আর্টিজানে থেকে উদ্ধার হওয়া হাসনাত করিম ও তাহমিদ হাসিব খান পুলিশের নজরদারিতে রয়েছে বলে গত মঙ্গলবার সাংবাদিকদের জানিয়ে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
গত ১ জুলাই শুক্রবার রাত পৌঁনে ৯টার দিকে রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হোলি আর্টিজানে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২০ নাগরিক নিহত হন। আর সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় ৬ জঙ্গি।
আর কমান্ডো অভিযানের আগে, ভোর বেলায় যে কয়েকজনকে জঙ্গিরা ছেড়ে দেয়। তাদের মধ্যে হাসনাত করিম ও তার পরিবারের সদস্যরা এবং তাহমিদ ছিলেন। মোট ৩২ জিম্মিকে উদ্ধার করা হয় ওই রেস্টুরেন্ট থেকে।
ভোরে ছেড়ে দেয়া জিম্মিদের মধ্যে হাসনাত করিম ও তাহমিদের রহস্যজনক আচরণের কারণে গোয়েন্দা কার্যালয়ে কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়ার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হলেও তাদের অবস্থান জানা যায়নি।
একজন কোরিয়ান নাগরিকের গোপনে ধারণ করা ভিডিওতে হলি আর্টিজানে হামলার ছবি প্রকাশ হওয়ার পর থেকেই হাসনাত করিম ও তাহমিদের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা চলতে থাকে। ওই ছবিতে হলি আর্টিজানের জিম্মি ঘটনায় তাকে জঙ্গিদের কয়েকজনের সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে ও কথা বলতে দেখা যায়।