রাজশাহীর বাগমারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, রোববার প্রথম প্রহরে উপজেলার ঝিকড়া ইউনিয়নের জোয়ানভাগপাড়ার একটি আমবাগানে গোলাগুলিতে ওই যুবকের মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি। বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে।
তিনি বলেন, জোয়ানভাগপাড়ার সুমনের আমবাগানে একদল জেএমবি সদস্য অবস্থান করছে খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা হাতবোমা ফাটিয়ে গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ১০ থেকে ১৫ মিনিট গোলাগুলির পর জেএমবি সদস্যরা পালিয়ে যায়।
আবুল কালাম আরো বলেন, পরে ঘটনাস্থলে তল্লাশির সময় গুলিবিদ্ধ ওই যুবককে পাওয়া যায় এবং তাকে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ২০টি হাতবোমা, হাসুয়া, ছোড়া ও চাপাতিসহ পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধারেরর কথাও জানান তিনি।
সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সে জেএমবি সদস্য কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।