রাজধানীর উত্তর বাসাবো এলাকায় ৭ তলা বাসা থেকে ভাইবোন খুনের ঘটনায় মা তানজিন রহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এর আগে শনিবার সকালে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস কুদ্দুস বলেন, নিহত শিশুদের মাকে থানায় নেয়া হয় পরে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে। এ ঘটনায় দুই শিশুর বাবা মাহবুবুর রহমান তার স্ত্রীকে আসামি করে হত্যা মামলা করেছেন।
ভোরে ওই এলাকার আরেকটি বাড়ি থেকে শিশুদের মাকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বউবাজার এলাকার একটি বাড়ির চিলেকোঠা থেকে ভাইবোনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘরের দুটি কক্ষ থেকে দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তাদের মায়ের খোঁজ পাওয়া যায়নি।
তারা হলো মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬)। তাদের বাবা মাহবুবুর রহমান ঢাকা ওয়াসার কর্মকর্তা।
মাহবুবুর রহমানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
মাহবুবুরের বড় বোন লায়লা নূর বলেন, শিশু দুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত, মা তানজিন রহমান গৃহিণী। তার বাবার বাড়ি খিলগাঁওয়ের বাগিচা এলাকায়।
মা তানজিন রহমান মানসিক ভারসাম্যহীন বলে জানান মাহবুবের বড় বোন।
এর আগে গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রী এলাকায় হত্যার শিকার হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ইস্কাটন শাখার সপ্তম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান অরণী (১৪) এবং তার ছোট ভাই হলি (ইন্টারন্যাশনাল) ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমান (৬)।