ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আব্দুর রশিদ বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঝিনাইদহ শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুধসর আবাসন প্রকল্পের সামনে একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শৈলকুপা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়ে ডাকাতরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
তিনি জানান, বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়— পরে ঘটনাস্থল থেকে আব্দুর রশিদ বিশ্বাস নামের এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি তাজা বোমা, ধারালো অস্ত্র, দড়ি ও করাত উদ্ধার করা হয়েছে।
এদিকে, নিহত আব্দুর রশিদের পরিবারের লোকজন অভিযোগ করেছেন শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ পরিচয়ে তাকে দুধসর আবাসন এলাকার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।
রোববার ভোরে উপজেলার দুধসর আবাসন প্রকল্পের সামনে এ 'বন্দুকযুদ্ধের' তাকে হত্যা করা হয়েছে।
তবে নিহতের পরিবারের সদস্যরা আরো বলেন, তিনি পেশায় কৃষক ছিলেন।