রাজধানীর কাকরাইলে তিন দিন আগে বখাটে যুবকের ছুরিতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা গেছে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, সকাল সাড়ে ৮টার দিকে রিশা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা গেছে, চৌদ্দ বছর বয়সী সুরাইয়া আক্তার রিশা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত। তার বাবার নাম রমজান, বাসা পুরান ঢাকার সিদ্দিকবাজারে।
গত বুধবার দুপুরে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের উপরে রিশার পেট ও হাতে ছুরি মেরে পালিয়ে যায় এক ‘বখাটে যুবক’।
রিশার মা তানিয়া বেগমের বরাত দিয়ে রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, কয়েক মাস আগে ইস্টার্ন মল্লিকার বৈশাখী টেইলার্সে একটি জামা বানাতে দিয়েছিলেন তিনি— যোগাযোগের জন্যর সেখানে নিজের ফোন নম্বর দিয়েছিলেন।
ওবায়েদ নামে ওই দোকানের এক কর্মচারী ফোন করে রিশাকে বিরক্ত করছিল—এ কারণে রিশার মা ওই মোবাইল সিমটি বন্ধ করে দেন। তার ধারণা ওবায়েদই রিশাকে ছুরি মেরেছে।
রিশার মা বুধবারই ওবায়েদকে আসামি করে রমনা থানায় একটি মামলা করেন।
পরে ওই টেইলার্সে গিয়ে পুলিশ জানতে পারে, ওবায়েদ দুই মাস আগে চাকরি ছেড়ে সেখান থেকে চলে গেছেন—পুলিশ বৈশাখী টেইলার্সের চার কর্মচারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও ওবায়েদকে এখনও আটক করা যায়নি জানান উপ কমিশনার মারুফ হোসেন সরদার।