নারায়ণগঞ্জের পাইকপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তামিম ছাড়াও নিহত অপর ২ জনের মধ্যে ফজলে রাব্বি নামের একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি জাতীয় পরিচয়পত্র থেকে আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
রাব্বির বাড়ি যশোর উপশহরের কিসমত নওয়াপাড়ায়। যশোর এমএম কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র থাকাকালীন গত ৫ এপ্রিল বাড়ি থেকে নিখোঁজ হয় সে। এ বিষয়ে তার বাবা কোতয়ালি থানায় একটি জিডি করেন।
রাব্বি তাবলীগের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ দিতো বলে জানিয়েছেন স্থানীয়রা। নিখোঁজ হওয়ার আগে তিনি ছাত্রত্ব বাতিলের জন্যও কলেজে আবেদন করেছিলেন বলে জানা গেছে।
জঙ্গি সম্পৃক্ততার সঙ্গে ছেলের জড়িত হওয়ার সন্দেহের কথা পুলিশকে জানিয়েছিলেন নিহত রাব্বির বাবা। যশোর পুলিশের নিখোঁজ তালিকাতেও রাব্বির নাম ছিলো বলে জানিয়েছে পুলিশ।