রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা খুনি ওবায়দুল খানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
বুধবার সকালে নীলফামারীর ডোমার উপজেলা থেকে তাকে গ্রেপ্তারর করা হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, র্যাব-১৩ এর একটি দল সকাল ৮টার দিকে ওবায়দুলকে গ্রেপ্তার করে।
এর আগে দিনাজপুরে অবস্থানের খবর জানতে পেরে মঙ্গলবার বীরগঞ্জে ওবায়দুলের বোনের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
তবে তার আগেই পালিয়ে যায় ওবায়দুল। সেখান থেকে পুলিশ তার বোন ও দুলাভাইকে আটক করে।
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে পরীক্ষা শেষে ফুট ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হওয়ার সময় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসাকে এক দুর্বৃত্ত রিশার পেট ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
গত বুধবার ঘটনার পর ওবায়দুলকে আসামি করে রমনা থানায় মামলা করা হয়। এ মামলাটি পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।
রিশা হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে গত ৩ দিন ধরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
পরে তাদের সঙ্গে নটরডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়।