মিরপুরের রুপনগরে শিয়ালবাড়িতে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর নিহত হয়েছে।
এ ঘটনায় রুপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম ও ওসি তদন্ত শাহীন ফকিরসহ ৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
প্রথমে ঢাকা মেডিকেল নেয়ার পর ২ ওসিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এসআই মোমিনুর ও এএসআই বোখারীকে নেয়া হয়েছে পুলিশ হাসপাতালে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর মিরপুরে রুপনগরে শিয়াল বাড়ি আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর নামে এক জঙ্গি নিহত হয়।
পুলিশ জানিয়েছে, ১ জুলাই থেকে ওই বাসাটি ভাড়া নেয় মুরাদ। নব্য জেএমবির শীর্ষ নেতা নিহত তামিমের সেকেন্ড ইন কমান্ড এবং জেএমবির সামারিক শাখার প্রধান। গুলশান এবং শোলাকিয়ায় হামলাকারী জঙ্গিদের প্রশিক্ষক ছিলেন মুরাদ। সংগঠনের মধ্যে সে মেজর মুরাদ নামে পরিচিত ছিল।
এদিকে, কয়েক দিন আগে থেকেই ওই বাড়িতে মুরাদের অবস্থান শনাক্ত করা হয়। ২৮ আগষ্ট ওই বাড়িতে গেলে গোয়েন্দা পুলিশ দেখতে পায় বাড়িটি তালা দেয়া, তবে, ভেতরে জিনিসপত্র রয়েছে। এরপর গোয়েন্দারা কোনো কিছুতে হাত না দিয়ে বাড়িওয়ালাকে বলে আসেন ওই ব্যক্তি জিনিসপত্র নিতে এলে যেন পুলিশ ও ডিবিকে জানানো হয়।
ওই জঙ্গি ফিরে এলে বাড়িওয়ালা বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয় এবং তাৎক্ষণিক রুপনগর থানা পুলিশকে জানায়।
খবর পয়ে ওই বাড়িতে গেলে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালান মুরাদ। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে পালাতে গলে পুলিশের গুলিতে নিহত হন জঙ্গি মুরাদ।
এ ঘটনায় আহত হন রূপনগর থানার দুই ওসিসহ কয়েক পুলিশ সদস্য। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় ২ জন ওসিকে বেসরকারি হাসপাতাল স্কয়ারে নিয়ে যাওয়া হয়।