ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৬ পলাতক জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
সোমবার কলকাতার এনআইএ আদালতে খাগড়াগড় মামলার শুনানির দিন ধার্য ছিল— এই নিয়ে এ মামলার তৃতীয় শুনানি অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট এ মামলার শুনানি শুরু হয়।
রোববার রাতে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের আইজল থেকে তাদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স। গ্রেপ্তারকৃতদের মধ্যে মধ্যে রুবেল, জাহিদুল ও ইনাম-এ তিন বাংলাদেশি জঙ্গির নাম জানিয়েছেন তারা।
গত ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান জেলা সদরের অদূরে খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণে দুইজন নিহত ও একজন আহত হন। ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা-এনআইএ-এর তদন্তে বেরিয়ে আসে, এটি ছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবির ঘাঁটি ও বোমা তৈরির কারখানা। পরের বছর এনআইএ ওই মামলার প্রথম চার্জশিটে পরিস্কার জানায়, বড় ধরনের একাধিক নাশকতা ঘটিয়ে বাংলাদেশের সরকারকে উৎখাত করার উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গে প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা। ঘটনার পর থেকেই পলাতক ছিল জেএমবির কয়েক সদস্য।
গতকাল জেএমবির জঙ্গি সন্দেহে গোয়েন্দারা প্রথমে জাহিদুল শেখ, ওরফে জাফর, ওরফে জবিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আনোয়ার হোসেন, ওরফে ফারুক, মাওলানা ইউসুফ, ওরফে বক্কর, শহিদুল ইসলাম, ওরফে শামীম, রফিকুল, ওরফে রুবেল এবং আবুল কালাম, ওরফে করিমকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই জেএমবি সদস্য।
গ্রেপ্তারকৃতদের সঙ্গে বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলা, বিশেষ করে গুলশান ও শোলাকিয়ার যোগাযোগ আছে কিনা এবং খাগড়াগড় বিস্ফোরণের কুশিলবদের সঙ্গে তাদের আরো কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।