গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত সাত জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
কেউ তাদের প্রকৃত পরিচয় জানলে ডিএমপির ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, জঙ্গিরা বিভিন্ন সময় ও জায়গায় বিভিন্ন নাম ব্যবহার করে— তদন্তের স্বার্থে প্রকৃত পরিচয় জানা জরুরি।
গত শনিবার গাজীপুরের পাতারটেক এলাকায় একটি বাড়িতে সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট। সেখানে সন্দেহভাজন সাত জঙ্গি নিহত হন। একই দিনে গাজীপুরের হাড়িনালে অভিযানে দুজন, টাঙ্গাইলে দুজন ও ঢাকার অদূরে আশুলিয়ায় একজন সন্দেহভাজন জঙ্গি নিহত হন। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিহত কয়েকজন জঙ্গির নাম জানানো হলেও পরিচয়ের সত্যতা মেলেনি।