রাজধানী ঢাকায় আরো কয়েকটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার আভাস দিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। গাজীপুরের জঙ্গি আস্তানায় অভিযানে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি থেকে আরো আস্তানার আভাস মিলেছে।
এদিকে গাজীপুরে নিহত নয় জঙ্গির সবার পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এদের মধ্যে সিরাজগঞ্জের ফরিদুল ইসলাম আকাশ ও পুরান ঢাকার ইব্রাহিম এই দুই জঙ্গির পরিচয় নিশ্চিত করেছেন তারা।
গুলশানের হলি আটিজান রেস্তোরা এবং শোলাকিয়ায় ঈদ জামাতের প্রস্তুতির সময় জঙ্গি হামলার পর জঙ্গিনির্মূলে ব্যাপক অভিযান চালচ্ছে আইশৃংখলাবাহিনী। এসব অভিযানে গত প্রায় চার মাসে কল্যাণপুর, নারায়ণগঞ্জ, মিরপুর, আজিমপুর, গাজীপুর, টাঙ্গাইলে মোট ২৪ জঙ্গি মারা যায়। এদের মধ্যে কয়েকজন শীর্ষস্থানীয় জঙ্গি হোতাও রয়েছে।
গাজীপুরে শনিবারের অভিযানে নিহত হয় ৯ জঙ্গি। তাদের মধ্যে সিরাজগঞ্জের ফরিদুল ইসলাম আকাশ ও পুরান ঢাকার ইব্রাহিমের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। অন্যদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন তারা।
এছাড়াও সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে নিহত জঙ্গিদের ব্যাপারে তথ্য জানাতেও অনুরোধ করেছে পুলিশ।
সোমবার ঢাকেশ্বরী পূজা মন্ডপ পরিদর্শন শেষে পুলিশ প্রধান একেএম শহীদুল হক সাংবাদিকদের বলেন, জঙ্গিদের নেটওর্য়াক ভেঙে দেয়া হয়েছে। আন্তজার্তিক চরমপন্থীরা জঙ্গিদের অস্ত্র দিচ্ছে এবং বিভিন্নভাবে তাদের সংগঠিত করে থাকতে পারে।
আর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, সাম্প্রতিক অভিযানে জঙ্গিরা অনেকটা দুর্বল হয়েছে তবে তাদের পরবর্তী পুরো পরিকল্পনা জানা বেশ কঠিন।
গাজীপুরের জঙ্গি আস্তানায় অভিযানের মধ্যদিয়ে জঙ্গিদের পুরোপুরি নেটওর্য়াক ভেঙে দেয়া সম্ভব হবে এমন ধারণা করলেও এখন ভিন্ন মত পুলিশের।
গত শনিবার গাজীপুরের জঙ্গি আস্তানায় অভিযান শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন তারা। এতে রাজধানীসহ ঢাকার আসে পাশে আরো জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার আভাস দিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট।
এদিকে গাজীপুরে নিহত নয় জঙ্গির মৃতদেহ সোমবার ঢাকা মেডিকেলে আনা হয়। পরে স্থান সংকুলান না হওয়ায় ৯টি মৃতদেহ ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।