ঢাকায় কলেজছাত্রী দুই বোনের ওপর হামলার মূল সন্দেহভাজন জীবন করিম ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
সোমবার সকালে র্যা বের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যা ব-৪–এর একটি দল গতকাল সন্ধ্যার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে জীবন করিমকে গ্রেপ্তার করে।
গত ১৯ অক্টোবর মিরপুরে চিড়িয়াখানা সড়কে বখাটের হামলার শিকার হয় যমজ বোন বিসিআইসি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী। কলেজের সামনে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাদের বেধড়ক মারধর করা হয়। পরে তাদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
ওই দিন কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, একাদশ শ্রেণীর ছাত্রী সানিয়া হাবিব ও আসোয়াদ হাবিব নামের দুই জমজ বোন কলেজ শেষ বাড়ি ফিরছিল। এ সময় ফুটপাতের দোকানে বসে থাকা কয়েকজন বখাটে তাদের উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালায় বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়ার পর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শিক্ষার্থীরা প্রায় আধঘণ্টা মিরপুর সনি সিনেমা হলের সামনের রাস্তা আটকে বিক্ষোভ করে এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীর বাবা শাহ আলী থানায় একটি মামলা করেছেন।