কোস্টগার্ডের সাবেক পরিচালক মো. মোস্তাফিজুর রহমানকে সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রেপ্তার করেছে।
ভোর রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিগত ১৯৯৮ সালে করা দুর্নীতির একটি মামলায় মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক (ডিজি) কমোডর (অব.) সফিক-উর-রহমানকে একই মামলায় গ্রেপ্তার করা হয় দুর্নীতি দম কমিশন- দুদক এ তথ্য নিশ্চিত করেছে।
কোস্টগার্ডের অনুকূলে বরাদ্দ দেয়া গম দুর্নীতির মাধ্যমে বিক্রি করে সেই টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ১৯৯৮ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো সফিক-উর-রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে।
মামলার এজাহারে বলা হয়, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কোস্টগার্ডের অনুকূলে ১১ হাজার ১০০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়। নিয়মানুযায়ী ওই গম বিক্রির সুযোগ ছিল না। কিন্তু কোস্টগার্ডের তৎকালীন মহাপরিচালক সফিক-উর-রহমান ওই গম বিক্রির জন্য একটি কমিটি গঠন করেন। কমিটি কিছু ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন নিয়ে নিজেদের খেয়ালখুশিমতো পাঁচ টাকা কেজি দরে গম বিক্রি করে। অথচ ওই সময় গমের বাজারমূল্য ছিল প্রতি কেজি ১১ টাকা ৬৪ পয়সা। এভাবে অভিযোগ ওঠা ব্যক্তিরা ৭ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা আত্মসাৎ করেন।
পরে ওই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন সফিক-উর-রহমান। রিটের নিষ্পত্তি হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারিক আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।