প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ উপ-শহর পাড়ায় স্কুলছাত্রী পূজাকে ছুরিকাঘাত মামলার প্রধান আসামি বখাটে লিটু হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার নৃ-সিংহপুর গ্রামের গণ্ডবিলাপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় বখাটে লিটু হোসেন পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে।
পরে, গুলিবিদ্ধ অবস্থায় লিটুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা ও ছোরা উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, সোমবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পূজাকে ছুরিকাঘাত করে লিপু নামের এই বখাটে। এরপর থেকে পূজা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ শহরের উপশহরপাড়ায় স্কুলছাত্রী পূজা বিশ্বাসকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বখাটে যুবক লিটু। এ ঘটনায় ওই রাতে স্কুলছাত্রীর বাবা বিপুল কুমার বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় লিটুকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় লিটুর দুই সহযোগীকে সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করে।
লিটু মাগুরার শ্রীপুর উপজেলার হোগলবাড়িয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের উপশহরপাড়ায় বোনের বাড়িতে থাকতেন।