পাবনার আতাইকুলায় র্যা বের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শুক্রবার চরমপন্থিদল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির দুই আঞ্চলিক নেতা নিহত হয়েছেন।
নিহতরা হলেন- আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে বিপ্লব ব্যাপারী ওরফে বিপলু (২৮) ও বড় পাইকশা গ্রামের মোতালেব হোসেনের ছেলে ময়েন উদ্দিন (২৬)।
ভোর ৪টার দিকে
র্যা ব-১২ পাবনার কোম্পানি কমান্ডার এএসপি বীনা রানী দাশ সাংবাদিকদের বলেন, ভোর ৪টার দিকে আতাইকুলার গয়েশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকজন চরমপন্থি নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছে-এ সংবাদের ভিত্তিতে র্যা ব সেখানে অভিযান চালায়।
র্যা বের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে— আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে তারা। বন্দুকযুদ্ধ চলার একপর্যায়ে পিছু হটে তারা। পরে ঘটনাস্থলে দুইজনের মৃতদেহ পাওয়া যায়। পরে স্থানীয়রা মৃতদেহ দেখে তাদের সনাক্ত করেন। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও কিছু গুলি উদ্ধার করা হয়।
র্যা বের দাবি, নিহত দুইজন নিষিদ্ধ চরমপন্থি দলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় গয়েশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাজাহান আলী মাস্টার হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।