কুমিল্লার তিতাসে গুলি করে ইউপি চেয়ারম্যানসহ দুই জন হত্যার ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে নিহত ইউপি চেয়ারম্যান মনির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় এ মামলা দায়ের করেন।
এখনো এ মামলায় কেউ গ্রেপ্তার হননি। স্থানীয় কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার মামলার হাজিরা দিতে চেয়ারম্যান মনির একটি মাইক্রোবাসে করে কুমিল্লা সদরে যাচ্ছিলেন। পথে কুমিল্লা-হোমনা সড়কের দাউদকান্দির গৌরীপুর এলাকায় দুর্বৃত্তরা গাড়িটিতে হামলা চালায়।
এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্রের কোপে মনির ও সহযোগীরা আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে মনির হোসেন ও তার শ্যালক মহিউদ্দিন মারা যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: