রাজধানীর মিরপুরের কালাপানি এলাকা থেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজি আহমেদ চৌধুরী হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যা ব।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে র্যা বের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যা ব-৪ সিও লুৎফুল কবীর তারা।
এর আগে সকালে র্যা ব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজ বিন জলিল বলেন, আগের রাতে পল্লবী থানা এলাকার রাস্তা থেকে আহাদ আলী নামের (৩৫) ওই ব্য ক্তিকে আটক করা হয়েছে।
ওয়াজি আহমেদ চৌধুরী (৭৬) বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের পদ থেকে ১৯৯২ সালে অবসরে যান। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। ঢাকার মহাখালী ডিওএইচএসে তার বাসা।
গত ৫ অক্টোবর সন্ধ্যায় তাকে বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহের গলায় কালো দাগ এবং বুকের বাঁ পাশ আর ডান পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন ছিল বলে ওই সময় পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়।
ওয়াজি আহমেদের ভাতিজা রেশাদ আহমেদ চৌধুরী পরদিন কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ওই বাসার গৃহকর্মী আবদুল্লাহকে আসামি করা হয়। বাসা থেকে একটি টেলিভিশন, মোবাইল ফোন ও ল্যাপটপ খোয়া গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
সাবেক সেনা কর্মকর্তা ওয়াজি আহমেদের স্ত্রী আতিয়া চৌধুরী বছর ছয়েক আগে মারা যান। তাদের বড় ছেলে নাবিদ আহমেদ চৌধুরী (৪৪) প্রায় এক দশক ধরে থাকেন আমেরিকায়।
ছোট ছেলে ফুয়াদ আহমেদ চৌধুরী (৪০) ঢাকায় মহাখালী ডিওএইচএসের ৪ নম্বর রোডের বাসায় বাবার সঙ্গে থাকতেন।
র্যা ব জানিয়েছে, নিহত ওয়াজি আহমেদের ছেলের সঙ্গে ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ড।