রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসে পেট্রোলবোমা হামলা মামলার অন্যতম আসামি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামাত নেতা আবদুল বাসেত মারজানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার টিকলি দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে মারজানকে গ্রেপ্তার করা হয়।
মিঠাপুকুর থানা পুলিশ জানিয়েছে, মারজান পলাতক ছিলেন। তিনি বাড়িতে এসেছেন বলে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় শনিবার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সালামের বিরুদ্ধে মিঠাপুকুরে চলন্ত বাসে পেট্রোলবোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় ছয়টি মামলা রয়েছে।
উল্লেখ, ২০১৫ সালের ১৩ জানুয়ারি রাতে মিঠাপুকুরের বাতাসন ফতেপুর এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলা হয়। এতে, অগ্নিদগ্ধ হয়ে মারা যান ছয় জন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮০ জনের নামে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করে।