সাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
তার নাম মো. মোসলেম উদ্দিন (৩২) সদর উপজেলার পাঁচরকি গ্রামের জোহর আলীর ছেলে সে।
সাতক্ষীরা বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান বলেন, মঙ্গলবার ভোরে কুশখালি সীমান্তের বিপরীতে ১০০ গজ দূরে ভারতের অভ্যন্তরে আমুদিয়ায় মেইন পিলার ১১ এর সাব পিলার ৭ এর কাছে মোসলেম উদ্দিন গেলে বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলিতে ছোড়ে ।
বিজিবির কুশখালি বিওপি সুবেদার মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার ভোরে কয়েকজন গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সময়ে আরো একজনকে গ্রেপ্তার করেছে তারা।
এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এদিকে, দিনাজপুরের হিলি সীমান্তে মাদক চোরা কারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। বিজিবির গুলিতে আহত হয়েছে এক চোরাকারবারী।
বিজিবি জানায়, আজ ভোরে ২৫ থেকে ৩০ জনের একদল মাদক চোরাকারবারির ফেন্সিডিল পাচারের খবর পেয়ে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবির কয়েকজন সদস্য নিয়ে বোয়ালদার এলাকার ধান ক্ষেতে ওৎ পেতে থাকে।
চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ধরালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বিজিবি ২ সদস্য আহত হন। আত্মরক্ষায় বিজিবি ৫ রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় এক মাদক ব্যবসায়ীর পায়ে গুলি লাগে।
পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বিজিবি সদস্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি ধারালো অস্ত্রসহ ২১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।