কক্সবাজারের ঘুমধুম সীমান্ত থেকে দালাল চক্রের ৪ সদস্যসহ ৭০ রোহিঙ্গাকে বুধবার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ –বিজিবি সদস্যরা।
জানা গেছে, মিয়ানমার থেকে নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নজরদারি আরো কোস্টগার্ড ও বিজিবি।
কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের অপারেশন কর্মকর্তা ডিকশন চৌধুরী বলেন, নাফ নদীতে রোহিঙ্গাবাহী নৌকার খবর পাওয়ার পর নদীতে টহল আরো বেশি জোরদার করা হয়েছে। তাছাড়া গত কয়েকদিনে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৩৫ জন রোহিঙ্গাকে ঠেকানো হয়েছে এবং কোনো রোহিঙ্গা যেন ঢুকতে না পারে সেজন্য নদীতে টহল অব্যাহত রাখা হয়েছে।
তিনি আরো বলেন, এখন থেকে রোহিঙ্গাদের মাঝ নদীতেই বাধা দেয়ার কৌশল নিয়ে মাঠে নেমেছে কোস্টগার্ড; যাতে রোহিঙ্গারা বাংলাদেশের ভেতরেই আসতে না পারে।
গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলার পর সেনাবাহিনীর অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টকালে গত কয়েকদিনে ৩১৬ জন রোহিঙ্গাকে বাধা দেয়া হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু ছিল।
এদিকে, বুধবার সকাল ১১টার দিকে কক্সবাজারে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা বন্ধ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে পতাকা বৈঠক শুরু করেছে।