বাংলাদেশের দুই টাকা মূল্যমানের নোট ভারতে পাচার হচ্ছে। সম্প্রতি পাচারের সময় যশোরের বেনাপোল চেকপোস্টে দুই দফায় বিপুল পরিমাণ দুই টাকার নোটসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
এ টাকা শক্ত হওয়ায় তা দিয়ে পাইপ তৈরি করে নেশার কাজে ব্যবহার করা হয়।
এদিকে, চেকপোস্টের স্ক্যানার মেশিনে কাগুজে নোট সনাক্ত করার ক্ষমতা না থাকায় পাচার রোধ সম্ভব হচ্ছে না।
যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে সোনা, ডলারসহ মূল্যবান দ্রব্য পাচারের খবর পুরোনো। এবার চেকপোস্ট দিয়ে পাচার করা হচ্ছে বাংলাদেশের দুই টাকা মূল্যমানের কাগুজে নোট।
গত ৩ নভেম্বর এ চেকপোস্ট হয়ে ২৬ হাজার দুই টাকার নোট ভারতে নিয়ে যাবার সময় এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।
এক সপ্তাহের ব্যবধানে আবার ৪১ হাজারটি দুই টাকার নোটসহ আরো এক ভারতীয়কে আটক করা হয়। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এ কাজ করে যাচ্ছে বলে জানায় স্থানীয়রা।
ধারণা করা হচ্ছে, নেশার কাজে ব্যবহার করতে এসব নোট ভারতে পাচার করা হচ্ছে।
নোট পাচারের সঙ্গে সম্পৃক্তদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার তদন্তকারী কর্মকর্তা কাজী এহসানুল হক ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি এস এম ইকবাল আহমেদ।
এদিকে, চেকপোস্টের স্ক্যানার মেশিন কাগুজে নোট সনাক্ত করতে না পারায় নোট পাচার রোধ করা যাচ্ছে না।
নোট শনাক্তের ক্ষমতাসম্পন্ন স্ক্যানার মেশিন স্থাপনের দাবি জানিয়েছেন বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল্লাহ।