রাজধানীর হাইকোর্ট এলাকায় ফুটপাতে প্রাইভেটকার উঠে পড়ায় দুই নারী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবাজারের দিক থেকে আসা সোমবার রাত ২টার দিকে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কার্জন হল মোড়, হাইকোর্ট মাজারের ফটক পেরিয়ে বার কাউন্সিলের একটু আগে রাস্তা ছেড়ে ফুটপাথ মাড়িয়ে গ্রিল ভেঙে ভেতরে ফুটপাতে উঠে পড়ে।
এসময় রাস্তায় শুয়ে থাকা ছিন্নমূল তিন জন মানুষ গাড়ির চাপায় আহত হন। তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন ও ভোরে একজন মারা যান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আবু বকর সিদ্দিক বলেন, রাত ২টার দিকে বার কাউন্সিলের ফটকের কাছে এ ঘটনায় আহত তিন নারীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে হাসিনা নামের আনুমানিক ৩০ বছর বয়সী একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শাহেরা নামের ৪০ বছর বয়সী আরেক নারীর মৃত্যুে হয়।
এ ঘটনায় ওই প্রাইভেটকারের চালক শাওনকে আটক করা হয়েছে সে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন ওসি।
তিনি আরো বলেন, অন্য আরেকজন আরোহী গাড়ি রেখেই পালিয়েছেন।
আব্দুর রশীদ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি ফুটপাথে শুয়ে ঘুমাচ্ছিলেন—হঠাৎ করেই জোরে আওয়াজে ঘুম ভেঙে যায়। রীতিমতো উড়ে গিয়ে একটি গাড়ি হাইকোর্টের গ্রিলের সীমানা ভেঙে ভেতরে ঢুকে গেছে। রশীদ তার ডান হাতে চোট পেয়েছেন। এসময় রশীদের পাশে শুয়ে থাকা দুই নারী গাড়ি চাপা পড়েন। তিনি ও আরেকজন পুরুষ গুরুতর আহত হন।
রিকশাচালক আলমগীর বলেন, তিনি দুর্ঘটনাস্থলের সামনে রিকশা চালিয়ে যাচ্ছিলেন।
সাংবাদিকদের বলেন, সেখানে একটি রড বোঝাই ট্রাক হঠাৎ গতি কমালে গাড়িটি সজোরে ব্রেক কষে। তখনই চালক নিয়ন্ত্রণ হারালে সেটি আচমকা বাঁ দিকে ঘুরে গিয়ে ফুটপাথ মাড়িয়ে হাইকোর্টের সীমানার ভেতরে ঢুকে পড়ে।