আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাতে ফরিদপুরে দুই ডাকাতদলের মধ্যে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন।
তারা হলেন: ফারুক হোসেন শরিয়তপুর জেলার পালং থানার পশ্চিম চর রসুনদি গ্রামের মৃত. আব্দুল করিম ফকিরের ছেলে ও হৃদয় হোসেন মানিক ওরফে ল্যাংড়া মানিক বরগুনা জেলার বেতাগী উপজেলার কদমতলা গ্রামের রতন মিয়ার ছেলে।
ফরিদপুরের কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার এস এম মহিউদ্দিন জানান, ফারুকের নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও বিস্ফোরক আইনে ছয়টি মামলা এবং মানিকের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
তিনি আরো বলেন, তারা উভয়েই ফরিদপুরের চাঞ্চল্যকর মেঘনা জুয়েলার্সে ডাকাতির মামালার আসামি।
ফরিদপুরের কোতয়ালী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে শহরের পিয়ারপুর এলাকার বাইপাস সড়কের পাশে দুইদল ডাকাত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, নিহত দুই জনের শরীরে বুলেটের আঘাত রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ ১টি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৮টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।