আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে অর্থ আত্মসাতের অভিযোগে হাজী আলম নামে এক প্রতারককে রাজধানীর দিয়া বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। ইয়াসিন মোহাম্মদ তালুকদার নামে নিখোঁজ এক ব্যক্তিকে ফেরত দেয়ার শর্তে পরিবারের কাছ থেকে হাজী আলম পঞ্চাশ লাখ টাকা আত্মসাত করেছে বলে জানিয়েছে র্যাব।
এদিকে, নিখোঁজ ওই ব্যক্তি গুলশান হলি আর্টিজানে নিহত জঙ্গি নিবরাস ইসলামের সঙ্গে শাহবাগ থানায় জঙ্গি ও নাশকতা মামলার আসামী।
চলতি বছর ১৪ জুলাই ইয়াসিন মোহাম্মদ তালুকদার বনানী রেলস্টেশন এলাকা থেকে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এখনো নিখোঁজের সন্ধান দিতে পারেনি।
ইয়াসিন গুলশানে জঙ্গি বিরোধী অভিযানে নিহত নিবরাস ইসলামের সঙ্গে শাহবাগ থানায় একটি জঙ্গি ও নাশকতা মামলার আসামী।
র্যাব বলছে, প্রতারক হাজী আলম ইয়াসিনকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এবং টাকা দিলে ফিরিয়ে দেয়ার কথা বলে নিখোঁজের পরিবারের কাছে দুই কোটি টাকা দাবি করে।
পরে পঞ্চাশ লাখ টাকায় রাজি হলে দুই ধাপে তা পরিশোধ করে ইয়াসিনের পরিবার। ইয়াসিন ফিরে না এলে অভিযোগের ভিত্তিতে হাজী আলমকে গ্রেপ্তার করে র্যাব।
ইয়াসিন নিখোঁজ হওয়ার পর র্যাবের দুই কর্মকর্তা তার বাসায় গিয়ে তার ব্যবহৃত ল্যাপটপ নিয়ে আসার কথা পরিবার দাবি করলেও র্যাব বলছে তারা ওই বাসায় যায়নি।
পুলিশ ঘটনাটি তদন্ত করায় র্যাব বিষয়টি নিয়ে তদন্ত করছে না। ইয়াসিনকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে, নাকি অন্য কেউ নিয়ে গেছে বা তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছেন কি-না?— এমন প্রশ্নের কোনো ব্যাখ্যা দিতে পারেনি র্যাব।