রাজধানীর দক্ষিণখানে আশকোনার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আত্মসমর্পনকারী দুই নারী জঙ্গিকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার তাদের আদালতে তোলা হলে বিচারক এ আদেশ দিয়েছে।
এদিকে, নিহত জঙ্গি কিশোর আফিফ কাদরীর ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। গুলিতে তার মৃত্যু হয়েছে।
দুপুর ১টার আফিফের মৃতদেহের ময়নাতদন্ত শুরু হয়। এর আগে, রোববার রাত পৌনে ১০টার দিকে আশকোনার জঙ্গি আস্তানা থেকে আফিফের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
আফিফ কাদরী আজিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদরীর জমজ দুই ছেলের একজন।
গত শুক্রবার মধ্যরাতে আশকোনার পূর্বপাড়ায় সূর্য ভিলায় জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্ত ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।