গোপালগঞ্জের কোটালীপাড়ায় বখাটেদের লাঞ্ছনার শিকার হয়ে এসএসসি পরীক্ষা দিতে পারেনি এক ছাত্রী। জোর করে ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের হুমকি দেয়ায় লজ্জায় আত্মহত্যার চেষ্টাও করে হাসপাতালের বিছানায় এখন মেয়েটি।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন। বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পিঞ্জুরী গ্রামে এক এসএসসি পরীক্ষার্থীকে লাঞ্ছিত করেছে কয়েকজন বখাটে। প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে মেয়েটির ভিডিও করে সামাজিক মধ্যে ছাড়ার হুমকি দিচ্ছে তারা।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়েটি ঘরের বাইরে গেলে সম্রাট মণ্ডল, সজল বিশ্বাস ও মিঠু বসু নামে ওই তিন বখাটে তাকে জোর করে তাকে বিবস্ত্র করে ভিডিও করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের হুমকিও দেয় তারা।
স্বজনরা জানান, মানসিক চাপে পরদিন সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার উন্নতি হলে পরে আবার তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ পরিস্থিতিতে পরীক্ষাও দিতে পারেনি মেয়েটি।
মেয়েটি মানসিকভাবে এখনো এ অবস্থা সামলে উঠতে পারেনি বলে জানিয়েছেন চিকিৎসক কোটালীপাড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল
এদিকে, বিষয়টি জানাজানি হয়ে গেলে মেয়েটির স্বজনদেরই পাল্টা হুমকি দেয় বখাটেরা। শুক্রবার মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।
অভিযুক্ত তিন বখাটেকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।