সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন তিন জন। এদিকে, ঢাকার ধামরাইয়ে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, বুধবার ভোরে ৪টার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকায় মাহবুব নামের এক ব্যক্তির টিনশেড বাসায় রাসেল নামের এক তরুণ ঢুকে পড়েন। তিনি মাহবুবুরের প্রতিবেশী, তাকে দেখে ফেলেন বাবুল। এ সময় রাসেল ধারালো অস্ত্র দিয়ে বাবুলসহ অন্যদের আঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে বাবুল মারা যান।
নিহত ব্যক্তির নাম বাবুল হোসেন (৩০)। আহত তিনজন হলেন মাহবুবুর রহমান, তার স্ত্রী আসমা বেগম ও তাদের কিশোরী মেয়ে মেহরুন। এই পরিবারটির স্বজন বাবুল।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেলের বাবা ও মাকে আটক করা হয়েছে, মামলা করা হবে জানান ওসি।
এদিকে, ঢাকার ধামরাইয়ে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে ধামরাইয়ের চরডাউটিয়া এলাকায় গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) আবুল বাশার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা রাখা হয়েছে, তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাতে এলাকার লোকজন পাহারা দিচ্ছিলেন। দিবাগত রাত ৩টার দিকে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। সন্দেহভাজন ব্যক্তি গ্রামের সাইদুর রহমানের মুদি দোকানে চুরির চেষ্টা করছিলেন বলে এলাকাবাসী জানান। পরে সন্দেহভাজন ব্যক্তিকে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই সন্দেহভাজন ব্যক্তির মৃত্যু হয় বলে জানান তিনি।