পালিয়ে মালয়েশিয়ায় গিয়ে জঙ্গি তৎপরতায় লিপ্ত ছিল ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া পলাতক আসামি রেদোয়ানুল আজাদ রানা। ভুয়া ঠিকানায় পাসপোর্ট বানিয়ে রানা মালয়েশিয়ায় গিয়ে গত তিন বছর ধরে জঙ্গি তৎপরতা চালান বলে জানিয়েছে পুলিশ।
আইএসএ যোগ দেয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ফিলিপাইনে জঙ্গিদের সঙ্গে যোগ দেয়ার চেষ্টার সময় সম্প্রতি মালয়েশিয়ান পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশে ফেরত পাঠায়।
সোমবার দুপুরে ঢাকার উত্তরা থেকে আনসারউল্লাহ বাংলাটিমের এই সংগঠককে আশরাফ নামের এক সহযোগিসহ গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিট।
মালয়েশিয়ান পুলিশ ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির দন্ড পাওয়া পলাতক আসামি রানাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠায়।সোমবার সকাল থেকেই বিমানবন্দরে ওৎ পেতে থাকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
তবে তারা রানাকে গ্রেপ্তার না করে অনুসরণ করতে থাকে। উত্তরা এলাকায় যাওয়ার এক পর্যায়ে এক সহযোগীর সঙ্গে তাকে ধরে ফেলে পুলিশ। ওই সহযোগীর নাম আশরাফ।
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, ভূয়া ঠিকানায় পাসপোর্ট বানিয়ে মালয়েশিয়া যাবার পর রানা আইএসে যোগ দিতে সিরিয়া যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে জঙ্গি প্রশিক্ষণ নিতে ফিলিপিন্সে যাওয়ার জন্য প্রস্তুতির মধ্যেই মালয়েশিয়ার গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, রানা মালয়েশিয়ায় গিয়ে আরেক জঙ্গি জু্ন্নুন শিকদারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এই জুন্নুন শিকদারও লেখাপড়া করেছেন ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।
২০১৪ সালের আনসারুল্লাহ প্রধান রাহমানীর সঙ্গে গ্রেপ্তার হয়ে এক বছর কারাগারে থাকার পর জুন্নুন জামিনে মুক্তি পান। পরে ২০১৫ সালের শেষ দিকে দেশ ছাড়েন।
গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে ব্লগার রাজীবকে তার বাসার কাছে কুপিয়ে হত্যা করা হয়। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রানার পরিকল্পনায় ওই হত্যাকান্ড হয় বলে পরে পুলিশের তদন্তে উঠে আসে।
ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ওই মামলার রায়ে রানা এবং ফয়সাল বিন নাঈম দীপের ফাঁসির এদেশ দেয় আর একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং জসীমউদ্দিন রাহমানীসহ ৫ জনের বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দেয়।
নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে সাত আসামির আপিলের রায় যে কোনো দিন ঘোষণা করা হবে। পলাতক থাকায় রানা হাই কোর্টে আপিল করার সুযোগ পাননি।