যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়ির মালিকের ছুরিকাঘাতে বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান (৪৪) খুন হয়েছেন।
স্থানীয় সময় গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশি-অধ্যুষিত ব্রঙ্কসে প্রতিদিনের মতো কাজ শেষে জাকির তার ভাড়া বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে ছুরিকাঘাত করেন বাড়িরমালিক।
জাকির মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির মালিক নিজেই চিৎকার করে পুলিশে খবর দিতে বলেন। তাকে উদ্ধার করে কাছের জ্যাকবি হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
জাকির নিহত হওয়ার ঘটনায় বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ তার বয়স ৫১ বছর।
জানা গেছে, বাড়িভাড়া নিয়ে জাকিরের সঙ্গে মালিকের বছর খানেক ধরে বিরোধ চলছিল।
জাকিরের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার পাঠানটিলা গ্রামে। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন তিনি।
জাকির নিউইয়র্কে এসে পড়ালেখা শেষ করে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত হন। তিনি ব্রঙ্কসে শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে কমিউনিটিতে পরিচিত লাভ করেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।
জাকিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত প্রবাসী বাংলাদেশি জ্যাকবি হাসপাতালে ভিড় করেন।
কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। জাকিরের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
ময়নাতদন্তের জন্য জাকিরের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে।
তবে মালিকের অভিযোগ ছিল, জাকির বেশ কয়েক মাস ধরে ভাড়া দিচ্ছিলেন না, তিনি নাকি অ্যা পার্টমেন্টটি কিনতে চাইছিলেন।
পার্কচেস্টারে বাংলাদেশি কমিউনিটির নেতা নজরুল হক বলেন, মর্মান্তিক এ ঘটনায় জাকির খানের পরিবার মুষড়ে পড়েছে।