রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বুধবার পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।
এ সংঘর্ষে বৈশাখী পরিবহনের বাসচালক শাহ আলম (৪৫) নামের একজন মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সকাল সাড়ে ৯টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাসচালক শাহ আলম আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবহনশ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে সারাদেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী।
রাস্তা বন্ধ করে দেয় শ্রমিকেরা। পুলিশ রাবার বুলেট ছুড়েছে। বুধবার সকাল থেকে পরিবহন শ্রমিকেরা রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকানগুলো মাঝে এনে প্রতিবন্ধকতা তৈরি করে। দফায় দফায় শ্রমিক-পুলিশ ও র্যা বের সঙ্গে সংঘর্ষ চলে। এ সময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। যদিও পুলিশের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
গতকাল ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি, ঢাকার বাইরে থেকে কোনো বাস আসেনি।
তেল গ্যাস খনিজসম্পদ রক্ষা কমিটির হরতালের মধ্যেও রাজধানীর অভ্যন্তরীণ রুটে বাস চললেও পড়ে তা বন্ধ করে দেয়া হয়।
গতকাল রাতেও রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশের চারজন সদস্যসহ আটজন আহত হন। সংঘর্ষের সময় টার্মিনালের সামনের সড়কে অ্যাম্বুলেন্সসহ বেশ কিছু যান ভাঙচুর করে শ্রমিকরা।
গতকাল শ্রমিকদের অবস্থান ছিল গাবতলী গরুর হাটের ক্রসিংয়ের সামনে। আজ তারা গাবতলীর আন্ডারপাস পেরিয়ে মসজিদের কাছাকাছি স্থানে অবস্থান নেয় এবং তারা মাজার রোডের দিকে এগিয়ে এসে বিক্ষোভ করে।
পরিবহন শ্রমিকরা গাবতলী বাস টার্মিনালের মধ্যে দফায় দফায় মিছিল করে। শ্রমিকেরা টায়ারে আগুন দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কোনো ধরনের যানবাহন রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত বাধা দেয়া হচ্ছে।
তাদের কর্মসূচির কারণে রাজধানীসহ সারাদেশের মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েন। অ্যাম্বুলেন্সের গাড়িকে আটক করে রোগীকে পর্যন্ত মারধর করার খবর পাওয়া গেছে।
বর্তমানে গাবতলী এলাকায় সবধরনের দোকান ও কারখানা বন্ধ রয়েছে।
সকালে আন্দোলনের ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বলেন, আন্দোলনে শ্রমিকেরা কতটুকু ছাড় দেবে তা নির্ভর করছে সরকারের আচরণের ওপর। তবে দাবি মানা না হলে আন্দোলন চলবে।
তবে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষ এছাড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ফাঁকা গুলি ছোড়েছে, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে।
বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে খুলনা বিভাগের ১০ জেলায় ধর্মঘট শুরু করে তারা।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতের দেয়া এ সাজার বিরুদ্ধে তারা এ কর্মসূচি পালন করে।
তবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু বলেন, তারা সোমবার খুলনা বিভাগের ধর্মঘট প্রত্যাহারের সভায় আলোচনার সময় খবর আসে ঢাকার আদালতে সাভারে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলায় মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে মালিক-শ্রমিকরা ক্ষুব্ধ হন। পরে রাতে বৈঠকের পর দেশব্যাপী ধর্মঘট ডাকা হয়। গতকাল সকাল ৬টা থেকে দেশের বিভিন্ন রুটে এ ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।