জঙ্গি সংগঠন নব্য জেএমবির অস্ত্র ও বিষ্ফোরক সরবরাহকারী চক্রের প্রধান বড় মিজানকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
গতকাল রাতে বনানীর কাকলী ক্রসিংয়ের কাছকাছি একটি বাস থেকে জঙ্গি নেতা মিজানকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপি নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে।
পরে বুধবার দুপুরে পুলিশ মিজানকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে এ বিষয়ে শুনানির জন্য ৫ মার্চ দিন ধার্য করেছে আদালত।
কাউন্টার টেরোরিজম ইউনিট জানিয়েছে, অভিযুক্ত বড় মিজানের সরবরাহকৃত অস্ত্র ও বিষ্ফোরক গুলশানের হলি আর্টিজানের হামলায় ব্যবহার করা হয়েছিল। বড় মিজান নব্য জেএমবির চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্চ এলাকার প্রধান দায়িত্বশীল নেতা ছিলেন। তার সিন্ডিকেটেই সীমান্ত থেকে অস্ত্র, গ্রেনেড তৈরির উপকরণ, ডেটোনেটর, জেলসহ বিস্ফোরক দ্রব্য আনা হয়েছিল।