জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো.বদরুজ্জামানকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার ভোরে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দুদক।
দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণ নিয়োগপ্রাপ্ত ১৬৯ জনকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে সরকারের ১ কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাত করেছে।
এ অভিযোগ এনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ২০১২ সালের ২৯ জুন জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে পুলিশ আদালতে পাঠায়। পরে তদন্তের দায়িত্ব পায় দুদক। ওইসময় দুদক তদন্তকালে অভিযুক্ত ১৩ জনের মধ্যে ইতিপূর্বে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো বলেন, মামলার মূল অভিযুক্ত মো. বদরুজ্জামানকে গত রাতে মিরপুর এলাকা থেকে ধৃত করা হয়েছে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়েহিদসহ তিন কর্মকর্তাকে একই মামলায় গ্রেপ্তার করা হয়।
বেশ কয়েক বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেকশন গ্রেড দেয় এ অভিযোগ আনা হয়েছে।