পাবনা ও নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে দুই জেএমবি সদস্য ৪০ জনকে আটক করা হয়েছে।
রোববার রাতে জেএমবি সদস্যদের অবস্থানের কথা জানতে পেরে পুলিশ পাবনার রাধানগর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে শফিকুল ইসলাম ও জিয়াউল কবির সুজন নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এই দুজন পুলিশ সদর দপ্তরের তালিকাভুক্ত জঙ্গি। তাদের বিরুদ্ধে পাবনায় ৩টি মামলা রয়েছে।
পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত দুই জেএমবি পাবনায় অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে পাবনা শহর, ঈশ্বরদীসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে শহরের রাধানগর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় তিনটি মামলা রয়েছে। এছাড়া ঝিনাইদহ ও শরীয়তপুর থানার কয়েকটি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল তারা।
এদিকে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নড়াইলে চারটি থানায় অভিযান চালায় পুলিশ। এতে সদর থানা, লোহাগড়া, কালিয়া বারইপাড়া ও নড়াগাতি থেকে ৩৮ জনকে আটক করা হয়।
এদের মধ্যে ৬ জনই মাদক ব্যবসায়ী। বাকিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
উদ্ধার করা হয় একটি পাইপগান ও বিভিন্ন ধরণের মাদকদ্রব্য। আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।