পাবনা শহরের জজ কোর্ট এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার মোস্তাফিজুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার ভোরে পাবনা শহরের জজ কোর্ট এলাকায় অভিযান চালিয়ে জেএমবির আঞ্চলিক কমান্ডার মোস্তাফিজুর রহমান শাহিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত ৩ নম্বর জঙ্গি।
তিনি আরো বলেন, দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামি ছিল শাহিন। তার বিরুদ্ধে পাবনা ও মেহেরপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
গত রোববার রাতেও পাবনা জেলায় বিশেষ অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ও জিয়াউল করিম নামে জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার দুই জনের মধ্যে শফিকুলের বাড়ি পাবনা শহরের রাধানগর মক্তবপাড়া এলাকায়। আর জিয়াউলের বাড়ি নারায়ণপুর এলাকায়।
প্রসঙ্গত, গত ৬ মার্চ গাজীপুরের টঙ্গীতে মৃত্যুদ-প্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদেরকে ছিনিয়ে নেয়ার চেষ্টায় প্রিজন ভ্যানে হামলার ঘটনা ঘটে। সেখান থেকে হাতেনাতে আটক হন একজন। এরপর তার দেয়া তথ্যমতে নরসিংদীর একটি কওমি মাদ্রাসা থেকে আটক হন আরও একজন।
পরদিন কুমিল্লায় বাসে তল্লাশির সময় পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় হাতেনাতে আটক হন দুই যুবক। এরপর এদের একজনের কাছ থেকে তথ্য পেয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযানে যায় পুলিশ। উদ্ধার করা হয় বোমা ও গ্রেনেডসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ।
এর পর পরই দেশের বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করে পুলিশ। ছয় দিনে আটক হয় দুই শতাধিক মানুষ, যাদের বেশিরভাগের বিরুদ্ধেই আনা হয়েছে জঙ্গি তৎপরতার অভিযোগ।