অবৈধভাবে প্লট বরাদ্দের মামলায় হাজিরা দিতে বুধবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়েছেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেমের ছেলে আশফাক আজিজ রুবেল।
রুবেল বেসরকারি সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক।
দুর্নীতির এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মির্জা জাহিদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ৫ মার্চ এ মামলায় দুদকে হাজিরা দিতে রুবেলকে নোটিশ পাঠান তদন্ত কর্মকর্তা মির্জা জাহিদুল। নোটিশে তাকে ১৫ মার্চ কমিশনে হাজির হতে বলা হয়।
গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিল থানায় আট জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।
মামলায় রুবেল ছাড়া অন্য সাত আসামি হলেন- এম এ হাশেমের আরেক ছেলে আম্বার প্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও রাজউকের সাবেক পাঁচ সদস্য (অবসরপ্রাপ্ত) এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, রেজাউল করিম তরফদার।
গত ৯ ফেব্রুয়ারি এ মামলায় শওকত আজিজ রাসেলকে গ্রেপ্তার করে দুদক, বর্তমানে তিনি জামিনে আছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, রাজউকের চেয়ারম্যান থাকাকালে ইকবাল উদ্দিন চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে ও অবৈধ প্রভাব খাটিয়ে অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দুই ভাই রাসেল ও রুবেলকে ২০ কাঠা জমির দু’টি প্লট বরাদ্দ দেন।
সাবেক সংসদ সদস্য হাসেমের ব্যবসায়িক গ্রুপের অধীনে রয়েছে ৬০টিরও বেশি কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোর দায়িত্বে আছেন হাসেমের পাঁচ ছেলে। হাসেমের স্ত্রী সুলতানা হাসেম ও পুত্রবধূরাও কোম্পানির পরিচালনা পর্ষদে কাজ করেন।
হাসেম পরিবারে রয়েছে- সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স ও আইডিএলসি ফাইন্যান্সের মালিকানার অংশ।