দিনাজপুরের বোচাগঞ্জে কথিত পীরসহ দুজন খুন হওয়ার ঘটনায় কুড়িগ্রাম থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম বলেন, জোড়া খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইসাহাককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে কুড়িগ্রাম থেকে দিনাজপুরে আনা হবে।
গতকাল এ হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এ হত্যাকাণ্ড কে বা কারা জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রামের পীর হিসেবে পরিচিত ফরহাদ হাসান চৌধুরী এবং তার পালিত কন্যা রূপালী বেগমকে।
ফরহাদ হোসেন চৌধুরীর প্রতিষ্ঠিত কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দরবার শরীফের খাদেম সাইদুর রহমান ও মুরিদ জনি জানান, সোমবার রাত ৯ টার দিকে দরবার শরীফে ফরহাদকে ডাকতে গিয়ে দেখেন কে বা কারা তাদের হত্যা করে পালিয়েছে।
নিহত ফরহাদ হাসান চৌধুরীর স্বজন আলম চৌধুরী বলেন, সোমবার সন্ধ্যার দিকে কয়েকজনকে মোটর সাইকেলে ঘোরাফেরা করতে দেখেছেন তারা।
কিভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে তা কেউই জানে না বলে জানিয়েছেন এলাকাবাসী।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার হামিদুল আলম।
এ সময় তিনি বলেন, সঠিক তদন্তের মাধ্যমে কারা কি উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বের করা হবে।
বিএনপির সাবেক নেতা ফরহাদ হোসেন চৌধুরী ২০১০ সালে কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। হত্যাকাণ্ডের ৩ দিন আগে ফরহাদ হোসেনের পালিত কন্যা রূপালী বেগমের বিয়ে হয় সিরাজগঞ্জের সিরাজুল ইসলাম নামে কথিত এক মুরিদের সঙ্গে।
ঘটনার পর থেকে সিরাজুল নিখোঁজ রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।