ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তাজুল ইসলাম মাহমুদ ওরফে মামা হুজুর (৪৬) নামের একজন নিহত হয়েছে।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বুধবার রাত ২টার দিকে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় গোলাগুলিতে মামা হুজুর নিহত হয়েছেন, সে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।
ওসি বলেন, জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ-ছয় জন জঙ্গি কুটি চৌমুহনী এলাকায় জড়ো হয়, গোপনে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনাকালে জঙ্গিরা পুলিশের ওপর ককটেল হামলা চালায় এবং গুলিবর্ষণ শুরু করে।
আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে জঙ্গি তাজুল ইসলাম মাহমুদ ওরফে মামা হুজুরের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে ৩৫টি ককটেল, পাঁচটি ধারালো চাপাতি, একটি পাইপগান ও নয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
নিহত তাজুল কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কবিরাজ ফরিদ মিয়া হত্যা মামলার অন্যতম আসামি।