ফাঁসি কার্যকরের পর হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীসহ তার দুই সহযোগী বিপুল ও রিপনের মরদেহ দাফন করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফাঁসি কার্যকরের পর হুজির শীর্ষনেতা মুফতি হান্নানের মরদেহ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টায় তার গোপালগঞ্জের কোটালীপাড়ায় তার গ্রামের বাড়ি হিরণে পৌঁছায়। সেখানে হিরণ বালিকা মাদ্রাসা ও এতিমখানা মাঠে তার নামাজে জানাযা হয়। পরে সকাল পৌঁনে ৬টার দিকে পারিবারিক কবরস্থানে মুফতি হান্নানের মরদেহ দাফন করা হয়।
এদিকে, সিলেট কেন্দ্রীয় কারাগারে রায় কার্যকর হওয়া মুফতি হান্নানের অপর সহযোগী দেলোয়ার হোসেন রিপনের মরদেহ রাতেই মৌলভীবাজারের কুলাউড়ায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই তাকে দাফন করা হয়।
আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর সহযোগী শরীফ শাহেদুল বিপুলের মরদেহও চাঁদপুরে তার নিজ গ্রামে দাফন করা হয়।