গাজীপুরের টঙ্গীতে একটি টাইলসের দোকানের কর্মচারি তমাল নামে এক শিশু শ্রমিককে বুধবার পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা হুজুরা বেগম দোকানের মালিক আহসানউল্লাহসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দোকানমালিকসহ ২ জনকে আটক করেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গাজীপুরের টঙ্গীর খাঁপাড়ার মোল্লাবাড়ি এলাকার চৌদ্দ বছর বয়সী তমাল। আহসান উল্লাহ নামের এক ব্যক্তির টাইলসের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতো সে। প্রতিদিন ১০টার মধ্যেই ঘরে ফেরে তমাল।
তবে বুধবার রাত ১১টায়ও সে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে কল দেয়। কিন্তু কেউ কল রিসিভ করেনি। পরে দোকানের মালিক ও তমালের এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার নির্মাণাধীন ভবন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে।
স্বজনরা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন ছিলো।
এ ব্যাপারে রাতেই নিহতের মা হুজুরা বেগম বাদী হয়ে আহসান উল্লাহ, রাসেল ছাড়াও আরো ৮ জনের নাম উল্লেখ করে টঙ্গী থানায় অভিযোগ দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দোকান মালিকসহ ২ জনকে আটক করেছে।
ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা নিয়ে লেনদেনের জের ধরেই এ হত্যাকাণ্ড হয়েছে। এর আগে একই এলাকার রাসেল নামে সমবয়সী এক ছেলের সঙ্গে টাকা-পয়সা নিয়ে তমালের ঝগড়া হয়। এরই জের ধরে বুধবার, বাসায় ফেরার পথে তমালের গতিরোধ করে রাসেল তাকে মারধর করে।