নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল-৫ নম্বর সেক্টরে একটি পুকুর থেকে শনিবার বিপুল অস্ত্র-গুলি উদ্ধারের পর আরো অস্ত্রের সন্ধানে সেখানে পুলিশের দ্বিতীয় দিনের অভিযান চলছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৯টার দিকে এই অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখন পর্যন্ত নতুন কোনো অস্ত্রের সন্ধান মেলেনি। এদিকে, শুক্রবার উদ্ধার করা হ্যান্ড গ্রেনেড নিস্ক্রীয় করার কাজ করছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
এর আগে ওই পুকুরে অভিযান চালিয়ে ৬২টি এসএমজি রাইফেল, ২টি রকেট লঞ্চার, ৪২টি গ্রেনেডসহ বিপুল অস্ত্রশস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। ঘটনা তদন্তে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলামকে প্রধান করে ১২ সদস্যের কমিটি করা হয়েছে।
গত বছর রাজধানীর দিয়াবাড়ির একটি জলাধার থেকে উদ্ধার করা বিপুল অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে রূপগঞ্জের এসব ব্যাগ ও অস্ত্রের মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।