রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়ার কালিয়ারটেকে তিন সন্তান ও মায়ের আত্মহত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
শুক্রবার রাতে তুরাগ থানায় নিহত রেহানার পারভীনের ভাই শামসুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।
নিহত ব্যক্তিরা হলো- এন এম আখি শান্তা (১৩), আর এম আরিশা (৯), মো. মোছামিম সাদ (১১মাস) ও তাদের মা রেহানা পারভীন (৩৪)।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলায় রেহানার স্বামী মোস্তফা কামালের বোন কোহিনূর আক্তার ও তার স্বামী মুক্তার হোসেন নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মোস্তফা কামালের পরিবারের অন্য সদস্যদের সন্দেহভাজন হিসেবে রাখা হয়েছে।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে-ই-খোদা বলেন, ‘মামলা রাতে করা হয়েছে, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত চলছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে নিহতদের স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়।