রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় ২৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বুধবার মামলাটি করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাভোকেট এনামুল হক।
দ্রুত বিচার আইন ২০০২ এর ৪ ও ৫ ধারায় এ অভিযোগ দায়েরের পর চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহিদুল্লাহ কায়সার বাদীর বক্তব্য শুনে তা আদেশের জন্য রেখেছেন।
গত রোববার রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা।
এ হামলার জন্য আওয়ামী লীগের লোকজনকে দায়ী করে ও্ইদিন ফখরুল বলেন, এ আঘাত গণতন্ত্রের প্রতি আঘাত।
হামলার পর মির্জা ফখরুল অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এ হামলা হয় এতে ৬ জন আহত হন।
মির্জা ফখরুল আরো বলেন, প্রায় ২০-২৫ জন লোক অতর্কিতে তার গাড়িবহরে লাঠিসোঁটা রামদা নিয়ে হামলা করে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে অংশ গ্রহণ করতে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে সকালে রাঙামাটির উদ্দেশ রওনা হন বিএনপির মহাসচিবসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় পথিমধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালিতে বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এঘটনায় আহত হন মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরো বেশ কয়েকজন।