গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশেষ অভিযানের অংশ হিসেবে চতুর্থ দিনেও জঙ্গি আস্তানার খোঁজসহ নৌ ডাকাত, তালিকাভুক্ত সন্ত্রাসী ও পরোয়ানা ভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমান।
তিনি বলেন, সাঘাটার চরাঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালানো হয়েছে। এতে কাউন্টার টেররিজম, পুলিশ ও গোয়েন্দা পুলিশের ব্লক রেইড অভিযানে কোনো জঙ্গি বা জঙ্গি আস্তানার খোঁজ না পেলেও বিভিন্ন মামলার পলাতক ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সুন্দরগঞ্জের চর খোর্দা, বেলকা ও তারাপুর ইউনিয়নের বেশ কয়েকটি চরে রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৬ঘণ্টা অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন: মো.আল আমিন, সাজাপ্রাপ্ত আসামি শ্রী চন্দন কুমার, মোস্তফা, আলম মিয়া, লিটন মিয়া ও জাহাঙ্গীর মিয়া।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমান জানান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে অভিযানে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের ৬০জন সদস্য অংশ নেয়।
এদিকে, নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ ২৮জনকে আটক করা হয়েছে। এসময় ৬১৭ পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা করা হয়েছে।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ ২৮জনকে আটক করা হয়েছে। এরমধ্যে সদর থানায় ১ মাদক ব্যবসায়ীসহ ১১ জন, লোহাগড়া থানায় ১ মাদক ব্যবসায়ীসহ ৮ জন, কালিয়া থানায় ১ মাদক ব্যবসায়ীসহ ৫ জন এবং নড়াগাতি থানায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।