ঢাকার আশুলিয়ায় র্যা বের কাছে আত্মসমর্পনকারী চার জঙ্গির একজন মোজাম্মেল হক। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে।
ছয় মাস আগে নিজ বাড়ি থেকে মোজাম্মেল নিখোঁজ হন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তার জঙ্গি হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী।
জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকলে তার উপযুক্ত শাস্তির দাবি জানান তারা।
সাভারের আশুলিয়ার নয়ারহাটের চৌরাবালি এলাকায় ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়িতে র্যা ব অভিযানে চালালে রোববার চার জঙ্গি আত্মসমর্পণ করে। তারা হচ্ছে মোজাম্মেল হক, রাশেদুন্নবী, ইরফানুল ইসলাম ও আলমগীর হোসেন। এদের প্রত্যেকেই নব্য জেএমবি 'তামিম-সারোয়ায় গ্রুপের" সদস্য বলে জানিয়েছে র্যা ব।
এ চার জঙ্গির মধ্যে মোজাম্মেল হকের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সানকিভাঙ্গা গ্রামে। গ্রামের মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নানের পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে মোজাম্মেল সবার ছোট।
মোজাম্মেলের বাবা ও মা জানান, ময়মনসিংহ সদরের তালতলা জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম মাদ্রাসায় পড়ালেখা করছিলো মোজাম্মেল। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সানকিভাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইসলামি মাহফিল উপলক্ষে বাড়িতে আসে সে। পরদিনই আবার চলে যায়। এরপর থেকে তার আর কোনো খবর পাননি তারা। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি সন্ধান।
এদিকে, মোজাম্মেলের জঙ্গি হওয়ার বিষয়টি মানতে পারছেন না স্বজন ও এলাকাবাসী।
ঘটনার সত্যতা মিললে তার উপযুক্ত শাস্তির দাবি জানান খতিব মাওলানা অলী উল্লাহ।
২০ বছর বয়সী মোজাম্মেল ঢাকার ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসার হাফেজ বিভাগসহ কয়েকটি প্রতিষ্ঠানে ইসলামি বিষয়ে পড়াশোনা করেছে বলেও জানান স্বজনরা।